অবশেষে ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

0 comments 94 views

বয়কটের এক দিনের বিরতির পর আজ ১৮ জুন ২০২৫, জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সকালেই জামায়াতের তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল সংলাপস্থলে উপস্থিত হয়। দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানহামিদুর রহমান আযাদ

এদিনের সংলাপে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ মোট ৩০টি দল ও জোটের প্রতিনিধিরা। প্রথমদিকে জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল উপস্থিত থাকলেও পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ প্রতিনিধিত্বকারী দল নিয়ে সংলাপে যোগ দেন। তিনি উপস্থিত হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে সংলাপের আবহকে আরও সৌহার্দ্যপূর্ণ করে তোলেন।

জামায়াত প্রতিনিধি হামিদুর রহমান আযাদ জানান, “আমরা সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছি।” তবে পূর্বদিনের সংলাপ বয়কটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবো।”

জানা গেছে, গতকাল সংলাপ বয়কটের মূল কারণ ছিল লন্ডনে বিএনপি নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠক। বৈঠক শেষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য সময়সূচি ঘোষণাকে জামায়াত ‘উপেক্ষা’ হিসেবে গ্রহণ করে। প্রতিবাদস্বরূপ মঙ্গলবারের সংলাপ থেকে সরে দাঁড়ায় দলটি। তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয় এবং লন্ডন বৈঠক নিয়ে তাদের আশ্বস্ত করা হয় বলেও একটি সরকারি সূত্র নিশ্চিত করেছে।

Leave a Comment

About Us

সম্পাদক: মোহাম্মদ আলমগীর

©2025 – All Right Reserved To NJ Bangla world. 

Powered BY  Milestone